নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরীতে ওয়েস্টিজ ব্যবসা নিয়ে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবার এক ওয়েস্টিজ ব্যবসায়ীর ওপর হামলা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে বিসিক এলাকার সুমন নিটিং কারখানার সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলার শিকার ব্যবসায়ী মানিক এ অভিযোগ করেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুন-কার্টুন বোঝাই একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।
আহত ব্যবসায়ী মানিক জানান, সুমন নিটিং এর কুন-কার্টুন কিনে আমি ব্যবসা করে আসছি। সম্প্রতি রাসেল মাহমুদ ও তার লোকজন তাদের ব্যবসায় বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার মালামাল নামানোকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আমরা সেখান থেকে চলে যাই।
তিনি বলেন, “নিটিং মালিক ফোন দিয়ে মাল নিয়ে যেতে বললে শুক্রবার সকালে আমরা ট্রাকে কুন-কার্টুন লোড করি। এ সময় রাসেল মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে মারধর করে আহত করে এবং পিস্তল ঠেকিয়ে আমার পার্টনার হৃদয়ের কাছ থেকে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
মানিকের দাবি, হামলায় হোটেল সুমন, রানা, তুহিন, রাজ, হযরত, মঞ্জু ও রনি সহ প্রায় ২০ থেকে ২৫ জন অংশ নেয়।
তিনি আরও জানান, রাসেল সেখানে এসে হুমকি দিয়ে বলে, গার্মেন্টস মালিকের কথায় ঝুট বের হবে না। এরপরই তারা হামলা শুরু করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে কুন-কার্টুন বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।