বিগত বছরগুলোতে কোরবানির পশুর হাটের ইজারা দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। কোনো বছর আগ্নেয়াস্ত্র থেকে গুলি বিনিময়ের ঘটনাও প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা। কিন্তু এবার কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করে ইজারাদারদের নামও ঘোষণা করতে পেরেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে সদর উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে দরপত্র উন্মুক্ত করে সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন।
দরপত্র উন্মুক্ত করাকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে পরিষদে প্রবেশের জন্য একটিমাত্র পথ খোলা রেখে বাকিগুলো বন্ধ রাখা হয়।