বিদেশে চাকরি, উন্নত জীবনমান ও নতুন ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে। সেই বাস্তবতায় বিশ্বের বিভিন্ন দেশ দক্ষ কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী, উদ্যোক্তা ও অস্থায়ী কর্মীদের আকর্ষণ করতে সহজ ওয়ার্ক ভিসা নীতি চালু করছে।
২০২৬ সালের জন্য প্রকাশিত নতুন বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এমন কয়েকটি দেশের নাম উঠে এসেছে, যেগুলো বিদেশিদের জন্য তুলনামূলক সহজ ওয়ার্ক ভিসা প্রক্রিয়া, উচ্চ জীবনমান, কাজ-জীবনের ভারসাম্য ও অভিবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করছে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
এই দুই দেশে আতিথেয়তা, পর্যটন ও সেবাখাতে সবচেয়ে বেশি চাকরির সুযোগ পাওয়া যায়। দেশ দুটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জনপ্রিয় গন্তব্য। তাদের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সহজ ওয়ার্ক ভিসা নীতিও এর অন্যতম কারণ।
তরুণ কর্মীদের জন্য বড় সুযোগ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ১৮ থেকে ৩০ বছর বয়সীদের জন্য বিভিন্ন ধরনের ‘ওয়ার্কিং হলিডে ভিসা’ চালু রেখেছে। এসব ভিসার মাধ্যমে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত কাজ করার সুযোগ পাওয়া যায়।
ওয়ার্কিং হলিডে ভিসা এমন এক ভিসা, যার আওতায় ভ্রমণের পাশাপাশি খণ্ডকালীন কাজ করে নিজেদের খরচ চালানোর অনুমতি দেওয়া হয়।
অস্ট্রেলিয়ায় দক্ষ ও উচ্চ দক্ষ কর্মীদের জন্য পয়েন্টভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু রয়েছে, যা প্রকৌশলসহ বিভিন্ন পেশার কর্মীদের জন্য দেশটিকে অন্যতম সহজ অভিবাসন গন্তব্যে পরিণত করেছে।