ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে যত্রতত্র বর্জ্য ফেলায় দেশের অন্যতম ব্যস্ত এই যোগাযোগ মাধ্যমটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। কালকিনি ও রাজৈর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় মহাসড়কের পাশে খোলা জায়গায় ফেলা হচ্ছে শত শত টন ময়লা-আবর্জনা। এতে তীব্র দুর্গন্ধে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও পথচারীদের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। একই সঙ্গে আশপাশের কয়েক হাজার বাসিন্দা ফুসফুসের জটিলতা, চর্মরোগ ও শ্বাসকষ্টসহ নানা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন।
জমি সংকটের অজুহাতে বছরের পর বছর ধরে চলা এই পরিবেশ দূষণ বন্ধে স্থানীয় প্রশাসনের দৃশ্যত কোনো কার্যকর ভূমিকা না থাকায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।