সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের নানা সংকটের মধ্যে জনগণের পাশে দাঁড়াতে সপ্তাহব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে লিফলেট বিতরণ, বিনামূল্যে প্রতিষেধক বিতরণ, ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বাদ আসর আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার বলেন, সরকারে না থাকলেও জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের জনগণের সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী বিশেষ গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে চিকিৎসকদের পরামর্শ ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে একটি বিশেষ সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে। এতে ডেঙ্গুর বিস্তার, রোগের বিভিন্ন লক্ষণ এবং প্রতিরোধে করণীয় বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগরীর ২৭টি ওয়ার্ডে এসব লিফলেট ব্যাপকভাবে বিতরণ করা হবে।
এছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আশপাশ, নালা-নর্দমা, ফুলের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। এ উদ্দেশ্যে ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে নগরবাসীকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গৃহস্থালির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সমাজকল্যাণ বিভাগের সভাপতি মুহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মো. জাকির হোসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, হাফেজ আব্দুল মোমিনসহ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় আগামী এক সপ্তাহ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার, পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।