সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা, মানসিক ক্লান্তি দূর করা এবং সাংগঠনিক ঐক্য বাড়ানোর লক্ষ্যে আনন্দ ভ্রমণের আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ।
৯ সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বসন্ত বিলাস রিসোর্টে দিনব্যাপী এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও কর্মীরা দিনভর বিভিন্ন আনন্দ-আয়োজন ও বিনোদনে অংশ নেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি সদস্যদের মানসিক সতেজতা ফিরিয়ে আনা এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও শক্তিশালী করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। এ সময় সদস্যরা আড্ডা, আনন্দ-বিনোদনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে সময় কাটান।
আনন্দ ভ্রমণের অংশ হিসেবে রিসোর্টের সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা এবং বালিশ খেলার আয়োজন করা হয়। এসব আয়োজনে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া এবং সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুল হক ভূঁইয়া।
এ সময় মানব কল্যাণ পরিষদের শিক্ষা বিষয়ক সচিব নুসরাত হোসেন নিশু ও নির্বাহী সদস্য শামীমা আক্তার নিশি বলেন, ভ্রমণ শুধু নতুন স্থান দেখার মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে নতুন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি অর্জনের পাশাপাশি মানুষের মধ্যে সম্পর্কও আরও দৃঢ় হয়।
দিনব্যাপী আনন্দ আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার গ্রহণ করেন শামীমা আক্তার নিশি, দ্বিতীয় রেশমা আক্তার উর্মি এবং তৃতীয় পুরস্কার পান পুনম আক্তার। বিজয়ীদের প্রত্যেককে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
এছাড়াও আনন্দ ভ্রমণে অংশ নেওয়া সদস্যদের মানব কল্যাণ পরিষদের লোগোযুক্ত সাংগঠনিক টি-শার্ট উপহার দেওয়া হয়।
আনন্দ ভ্রমণে আরও উপস্থিত ছিলেন উম্মে সুফিয়া হ্যাপি, জান্নাত আরা মুনমুন, লিজা বেগম, লিপি আক্তার, ইতি বর্মন, হুমায়রা আক্তার, চায়না আক্তার, বিথী বেগম, লতা ইকবাল, মোঃ সোহেল, জান্নাতুল ভূঁইয়া, মোঃ আমিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মীরা।
প্রাকৃতিক নির্মল পরিবেশে দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও জোরদার হয়েছে বলে জানান আয়োজকরা।