সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

ফতুল্লায় আজমেরী ওসমানের সমর্থনে মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০ জন

নিজস্ব ডেস্ক
  • সর্বশেষ সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ‘পলাতক’ আজমেরী ওসমানের ১০ অনুসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবরার আহমেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবরার আহমেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অপর নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় থেকে সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্য পায় পুলিশ। পরে সন্ধ্যার পর থেকে মহাসড়কের ভূইগড় ও সাইনবোর্ড এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়।

ওসি বলেন, রাত ১০টার দিকে সাইনবোর্ড এলাকার গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়কে গ্রেপ্তার ব্যক্তিসহ আরও কয়েকজন জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে অধিকাংশই দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে মিছিল করার উদ্দেশ্যে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন। মিছিল শুরু করার আগমুহূর্তেই তাদের গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত